সারাদেশ
ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল দুই নারী
ভারতে পাচারের শিকার দুই নারী সাজাখেটে বেনাপোল হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন।
মঙ্গলবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।
তারা হলেন, বাগেরহাট জেলার খেজুর বাড়িয়া গ্রামের মৃত আলী হোসাইন খানের মেয়ে হ্যাপি খান (৪৩) ও কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদার (২৬)।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে তারা সীমান্তের চোরাপথে দালালদের মাধ্যমে ২০২৩ সালে রাতের আধারে ভারতে যান। সেখানে তারা নয়াদিল্লিতে অবস্থান করেন এবং বাসাবাড়িতে কাজ করতেন। গত বছরের ১১ ডিসেম্বর দিল্লি পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে তাদের আদালতে পাঠায়। পরে আদালত তাদের দমদম সেন্ট্রাল জেলে পাঠান। সেখানে তারা পাঁচ মাস কারাভোগ করেন।
জেল থেকে বের হওয়ার পর তাদের একটি এনজিও সংস্থার শেল্টার হোমে রাখা হয়। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আজ তারা দেশে ফিরে এসেছেন।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।