সারাদেশ
ফেনীতে ঈদের দিন কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত শতাধিক
ফেনীতে ঈদের দিন কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বেশির ভাগের হাত, পা, আঙুল ও রগ কেটে গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত আহতরা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতের আঙুল ও রগ কাটা নিয়ে অন্তত শতাধিক আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোগীর স্বজন রাসেল জানান, গরু জবাই করার সময় ছুরি পিছলে বালুকিয়ার মোহাম্মদ জাহিদের হাতে লাগে। রক্তপাত বন্ধ না হওয়ায় তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সকাল ১০টার দিকে হাত কাটা অবস্থায় জরুরি বিভাগে আসেন সেনবাগের মনছুর আলম। রগ কেটে যাওয়ায় তাকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোনাগাজীর নজরুল ইসলামকেও প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
এদিকে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পিয়াস কান্তি পাল বলেন, আহত ব্যক্তিদের বেশির ভাগই হাত, পা, আঙুল ও রগ কেটে গেছে। গুরুতর আহত অন্তত ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।