সারাদেশ

মৌলভীবাজারে বজ্রপাতে চা শ্রমিক পরিবারের ১৪টি গরু-মহিষের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:০৭ পিএম

মৌলভীবাজারে বজ্রপাতে চা শ্রমিক পরিবারের ১৪টি গরু-মহিষের মৃত্যু
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে চা-শ্রমিক পরিবারের অন্তত ১৪টি গরু ও একটি মহিষ মারা গেছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে পৃথক দুটি ঘটনায় এ ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কুচাই জ্বালাই এলাকার একটি মাঠে চড়তে থাকা গরুর পাল হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হয়। এতে ঘটনাস্থলেই ১৪টি গরুর মৃত্যু ঘটে। একই সময়ে পাশের পাথরটিলা গ্রামে আরেকটি বজ্রপাতে একটি মহিষও মারা যায়।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত চা-শ্রমিক সুমন গড়, যিনি চারটি গরু হারিয়েছেন, বলেন—তার এই গরুগুলোই ছিল জীবিকার শেষ সম্বল। একসঙ্গে সব হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

অন্যদিকে, তিনটি গরু হারানো মিতালি রাজভর জানান, দীর্ঘদিনের সঞ্চয়ে কেনা গরুগুলো হঠাৎ বজ্রপাতে মারা যাওয়ায় তার সব স্বপ্ন ভেঙে গেছে।

মহিষের মালিক কৃষক আব্দুল গফফার বলেন, কষ্ট করে লালন-পালন করা মহিষটি কোরবানির হাটে ভালো দামে বিক্রির আশা করেছিলেন, কিন্তু বজ্রপাতে সেটিও হারাতে হয়েছে।

ঘটনার পর গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন আহমেদ মিঠুকেও জানানো হয়েছে।

সংসদ সদস্য নাছির উদ্দিন আহমেদ মিঠু বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা বিবেচনায় নিয়ে প্রশাসনের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।