সারাদেশ
টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৪
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চালক-হেলপারসহ ৪ জন নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের নাম ও পরিচয় পাওয়া গেছে।
মঙ্গলবার (০৯ জুন) ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
সখীপুর থানার অফিসার (ওসি) মো. হেলাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— জামালপুরের বকশিগঞ্জের আবুল হাকিমের ছেলে পিকআপ চালক নুর নবী (৬৪), নওগাঁ পত্নীতলার পলাশের ছেলে পিকআপের হেলপার রফিকুল (১৮), নেত্রকোনা কেন্দুয়া এরশাদের ছেলে সাগর (২২), ভোলা সদরের বর্তমান রাজধানী ঢাকা মিরপুর-১ এর বাসিন্দা সেলিমের ছেলে সুজন (২৬)।
এ ঘটনায় আহত হয়েছেন জহিরুল ইসলাম (৪০)। তিনি টাঙ্গাইলের ঘাটাইলের লক্ষীণদর এলাকার আফছার আলী মন্ডলের ছেলে।
ওসি হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার ভোর ৪ টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা ৪ জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।