সারাবিশ্ব

বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হবে না: শুভেন্দু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হবে না: শুভেন্দু
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

শুভেন্দু বলেন, সাবেক তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে আসতেন। তবে বর্তমান বিজেপি সরকারের সময়ে এ ধরনের সুযোগ আর দেওয়া হবে না বলে দাবি করেন তিনি।

তিনি আরও দাবি করেন, দুই বছর আগে বাংলাদেশ থেকে আসা এক ধর্মীয় বক্তা পশ্চিমবঙ্গে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জনসংখ্যার বিস্ফোরণের মাধ্যমে জনবিন্যাস পরিবর্তনের কথা বলেছিলেন।

শুভেন্দুর ভাষ্য, ওই বক্তা বলেছিলেন, আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও জনবিস্ফোরণের মাধ্যমে তা ধ্বংস করে দেওয়া সম্ভব। এ ধরনের বক্তব্যের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তনের কথা বলা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে আধ্যাত্মিক জাগরণের প্রয়োজন রয়েছে। এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড ঠেকাতে তার সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে আসছেন শুভেন্দু। ওই বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেছিলেন।