সারাদেশ
বিনা টিকিটে দীর্ঘদিন ট্রেন ভ্রমণ, ভুল বুঝতে পেরে রেলকে দিলেন ২৫ হাজার টাকা
দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের পর নিজের ভুল বুঝতে পেরে রেল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার টাকা জমা দিয়েছেন এক নারী যাত্রী। তবে অর্থ জমা দেওয়ার সময় নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ করেন তিনি।
শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে ওই অর্থ জমা দেন নারী যাত্রীটি।
ঈশ্বরদী রেলওয়ে জংশনের জ্যেষ্ঠ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানান, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনে উঠে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গন্তব্যে বিনা টিকিটে যাতায়াত করতেন।
পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে তা সংশোধনের উদ্যোগ নেন তিনি। এ বিষয়ে রেলের টিকিট পরীক্ষা বিভাগের ট্রাফিক সুপারিনটেনডেন্ট একেএম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। তার পরামর্শ ও সহযোগিতায় শনিবার ঈশ্বরদী স্টেশনে এসে ২৫ হাজার টাকা জমা দেন ওই নারী।
আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, দীর্ঘদিন বিনা টিকিটে ভ্রমণের বিষয়টি উপলব্ধি করে ওই নারী স্বেচ্ছায় রেল কর্তৃপক্ষের কাছে অর্থ জমা দিয়েছেন। তার এই উদ্যোগকে ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।