জাতীয়

দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ
ছবি: সংগৃহীত

দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ চেয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠন। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। এতে পুনরায় বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে নিয়মিত বাংলাদেশি ইলিশ আমদানি করে আসছিল তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন ভারতীয় আমদানিকারকরা।

আমদানিকারকদের দাবি, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে মাত্র এক মাসের জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে এই সীমিত সময়ের রপ্তানি ব্যবসায়িকভাবে প্রত্যাশিত ফল দিতে পারছে না।

চিঠিতে দুই বাংলার অভিন্ন সংস্কৃতি, ভাষা ও খাদ্য ঐতিহ্যের কথাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের কাছে বাংলাদেশের পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয় খাবার।

এ অবস্থায় ইলিশ রপ্তানির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠনটি। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে বলেও চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে।