সারাদেশ
চুয়াডাঙ্গার জীবননগরে ক্লিনিকে এবার প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা
চুয়াডাঙ্গার জীবননগরে সিজারিয়ান অপারেশনের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক সুজা উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ক্লিনিকটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকা এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্লিনিকে থাকা সবাইকে বের করে দিয়ে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের চার দিন পর এক প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের স্বজনদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করা হয়নি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। এরপরই ক্লিনিকটিতে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি জানান, সিজারিয়ান অপারেশনের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর খবর পাওয়ার পর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিকটির বৈধ কাগজপত্র ও স্বাস্থ্যসেবার মান যাচাই করা হয়। তবে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ কারণে আইন অনুযায়ী জরিমানা করে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জীবননগরে লাইসেন্সবিহীন ও মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।