সারাদেশ

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, মরদেহ পড়ে রয়েছে সীমান্তে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০২ এএম

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, মরদেহ পড়ে রয়েছে সীমান্তে
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুজিবুর রহমান (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশজুড়ে পুশইন ও সীমান্তে হত্যার প্রতিবাদের মধ্যেই এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস জানান, বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহ সেখানেই পড়ে আছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে গুলির ঘটনার খবর পাওয়া গেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে উত্তেজনা বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোনো হত্যাকাণ্ড না ঘটলেও পরবর্তী মাসগুলোতে পরিস্থিতির অবনতি ঘটে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী, মে মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ছয়টি পৃথক ঘটনায় ছয়জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া বিএসএফের হাতে ১৪ জন বাংলাদেশি আটক হন।

আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ৯ মে পর্যন্ত অন্তত ছয় বাংলাদেশি নাগরিক সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে প্রাণ হারিয়েছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে ভারত থেকে পুশইনের ঘটনাও বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ভারতের বিধানসভা নির্বাচনের পর এ প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।