সারাদেশ
বডি স্প্রের তীব্র ঘ্রাণে বরিশালে অসুস্থ নবম শ্রেণির ১৩ শিক্ষার্থী
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে পারফিউম বডি স্প্রের তীব্র ঘ্রাণে ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো— কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, জিসান, মাহিন, তানজু, তানজিলা, সাদিয়া ও বিথী। তাদের সবার বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমী আক্তার জানান, মঙ্গলবার দুপুরে মোট ১৪ জন শিক্ষার্থী অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাদের মধ্যে একজন চিকিৎসা না নিয়েই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। বাকি ১৩ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে চারজনের শারীরিক অবস্থা কিছুটা বেশি খারাপ হওয়ায় তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা সুস্থবোধ করলে সন্ধ্যার পর বাড়ি ফিরে যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণির এক শিক্ষার্থী তার সহপাঠীদের শরীরে পারফিউম বডি স্প্রে ব্যবহার করে। এ সময় আশপাশে থাকা শিক্ষার্থীরা তীব্র ঘ্রাণে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তাদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিয়া বলেন, নবম শ্রেণির এক ছাত্র তার মামার কাছ থেকে পাওয়া একটি পারফিউম সহপাঠীদের শরীরে স্প্রে করে। এ সময় আশপাশে থাকা ১৩ থেকে ১৪ জন শিক্ষার্থী শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। পরে তারা অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ব্যবহৃত বডি স্প্রের বোতলটি পুলিশ জব্দ করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।