সারাদেশ
টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রী নিহত
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় সাদিয়া জান্নাত (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।
আজ রবিবার (২৮ জুন) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিজবর্ণী খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাদিয়া উপজেলার নিজবর্ণী গ্রামের সাইদ বকুলের মেয়ে। সে ধনবাড়ী শাহীন ক্যাডেট স্কুলের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাদিয়া নিজবর্ণী এলাকার পুরাতন থানার সামনে সড়ক পার হচ্ছিল। এ সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ ঘটনায় ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী জানান, খবর পেয়ে নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।