সারাদেশ

পুকুরে মাছ ধরতে নেমে পাবনায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর  


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:১৩ এএম

পুকুরে মাছ ধরতে নেমে পাবনায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর  
ছবিঃ সংগৃহীত

পাবনা সদর উপজেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে থানার আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
‎
‎নিহতরা হলেন– সদর উপজেলার আতাইকুলা থানার কৈজুরী শ্রীপুর এলাকার সাদেক আলী প্রামানিকের ছেলে শবদুল প্রামানিক (৩৫) ও তার স্ত্রী কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের চৌকিদার আবুল হোসেনের মেয়ে আশা খাতুন (২৫)। আহত ব্যক্তির নাম- আলম মোল্লা (৩০) তিনি চৌকিদার আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, নিহত শবদুল প্রামানিক কিছুদিন আগে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন শবদুল। বিকেলে শ্বশুরের পুকুর সেচ দিয়ে মাছ ধরছিল তারা। এমন সময় পানি উত্তোলনের মেশিন ও বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে গেলে পুরো পুকুর বিদ্যুতায়িত হয়।

এতে পানিতে থাকা স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাদের পুকুর থেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আশা খাতুনের ভাই আলম মোল্লা গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক রাজশাহী মেডিকেলে পাঠায়।

এ ঘটনায় আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।