সারাদেশ
মৃত্যুর মুখ থেকে ফিরে সবার আগে চাইলেন পান-বিড়ি
বরগুনার তালতলীতে বৈরী আবহাওয়া ও বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে দুটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক জেলের পান ও বিড়ি চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে বঙ্গোপসাগরের ফকিরহাট সংলগ্ন উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
বুধবার (৮ জুলাই) সাগরে ভাসতে থাকা ১৬ জন জেলেকে অন্য একটি মাছ ধরার ট্রলার জীবিত উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলীর ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে জেলেরা ইলিশ শিকারের উদ্দেশ্যে গভীর সাগরে গিয়েছিলেন।
ডুবে যাওয়া ট্রলার দুটি মধ্যে একটি ‘এফবি মহিমা’ নামে পরিচিত, অন্যটির নাম জানা যায়নি। দুটি ট্রলারে মোট ১৮ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এখনও ২ জন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া জেলেদের পটুয়াখালীর মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।