সারাদেশ
বরিশাল পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর। সফরের শুরুতেই তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, গৌরনদীতে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছসহ শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করা হবে।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয়ভাবে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিবর্তে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে মানবপ্রাচীর গড়ে তাকে স্বাগত জানানোর আয়োজন করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সরকারি সফর ঘিরে নিরাপত্তা, যান চলাচল, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সার্বিক সমন্বয়সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।