সারাদেশ

মহেশপুরে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম

মহেশপুরে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটিও জব্দ করা হয়েছে।

নিহত আব্দুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা কারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে। নিহত ব্যক্তি সম্পর্কে তরিকুল ইসলামের জামাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে বিরোধ ও মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাতে তাঁদের মধ্যে আবারও বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার সময় বাড়ির ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাঁরা অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি জব্দ করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত আব্দুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।