সারাদেশ
‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল বগুড়ার সাতমাথা এলাকা
দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ, প্রশ্নের মান কঠিন হওয়া এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় না দেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বগুড়ার এইচএসসি পরীক্ষার্থীরা।
এ সময় তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেন। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলছে, কে বলছে—শিক্ষামন্ত্রী’ স্লোগান দেন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় এ কর্মসূচি শুরু হয় এবং দুপুর দেড়টা পর্যন্ত চলে। প্রথমে জেলার বিভিন্ন উপজেলা ও শহরের শিক্ষার্থীরা আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথা মোড়ে অবস্থান নেন এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন।
বিক্ষোভের কারণে সাতমাথা মোড়সহ আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতমাথা ও ডিসি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী দুর্যোগ ও জলাবদ্ধতার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি জানানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। ফলে তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
শিক্ষার্থীরা বন্যাকবলিত এলাকার এইচএসসি পরীক্ষাগুলো পুনর্নির্ধারণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।