সারাদেশ

বিশ্বকাপ খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে বেধড়ক মারধর; স্বামী আটক 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম

বিশ্বকাপ খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে বেধড়ক মারধর; স্বামী আটক 
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে যেতে বাধা দেওয়ায় স্ত্রীকে নির্মমভাবে মারধরের অভিযোগে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে রোববার (১৯ জুলাই) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায়। আহত গৃহবধূ মরিয়ম বেগমের দাবি, পাঁচ মাস বয়সী সন্তানকে নিয়ে তিনি বাড়িতে একা ছিলেন। তাই স্বামীকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে বাইরে যেতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার (২০ জুলাই) নির্যাতনের প্রায় দুই মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মারধরের সময় যন্ত্রণায় কাতর মরিয়ম বারবার চিৎকার করে কাঁদছেন, আর জহিরুল তাকে মারধর করে যাচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তের শাস্তির দাবি জানান নেটিজেনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়মের বাড়ি চট্টগ্রামে। প্রায় দুই বছর আগে জহিরুল তাকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসেন। তাদের সংসারে পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, জহিরুল প্রায়ই স্ত্রীকে বিভিন্ন কারণে নির্যাতন করতেন। তারা আরও দাবি করেন, তিনি মাদকাসক্ত এবং ঘটনার সময়ও মাদকের প্রভাবে ছিলেন।

স্থানীয় বাসিন্দা পারভেজ হোসেন ও হাসানুর জামান বলেন, ভিডিওটি অত্যন্ত মর্মান্তিক। এমন নির্মম নির্যাতনের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

যদিও সোমবার রাত পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি, তবে ভিডিওটি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে অভিযুক্ত জহিরুল ইসলামকে আটক করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।