সারাদেশ
লক্ষ্মীপুরে কলেজের পাশে মিলল ৩ মর্টারশেল
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাইপ লাইন স্থাপনের কাজে মাটি খুঁড়লে যুদ্ধে ব্যবহৃত ৩টি মর্টারশেল (রকেটসদৃশ) উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেওয়ালের পূর্বপাশ থেকে এসব উদ্ধার করা হয়। মর্টারশেলগুলো থানা পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, কয়েকজন শ্রমিক আ স ম আব্দুর রব কলেজের পূর্বপাশে পানির লাইন স্থাপনের কাজ করছিলেন। এ সময় মাটি খুঁড়তেই রকেটসদৃশ বস্তুগুলোর দেখা মেলে। একপর্যায়ে তারা উপরে তুলে ছবি উঠায়। পরে সেগুলো পুনরায় মাটিতে পুঁতে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে চিহ্নিত করে তা নিরাপদে সরিয়ে নিয়েছে।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ৩টি রকেটসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলো জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট আসবে।