সারাদেশ
চুয়াডাঙ্গায় নকল হারপিকসহ টয়লেট্রিজ সামগ্রী তৈরি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর পিয়ারাতলা এলাকায় অবৈধভাবে মিথ্যা তথ্য দিয়ে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেলসহ বিভিন্ন টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (০৩ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে হেনা কনজুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মাসুদ রানার বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, যথাযথ লাইসেন্স ছাড়াই এবং মিথ্যা তথ্য ব্যবহার করে পণ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও র্যাব সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।