সারাদেশ

মাগুরায় মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

মাগুরায় মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

লোডশেডিংয়ের কারণে গরমে অতিষ্ঠ হয়ে মসজিদের ছাদে উঠেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই বিদ্যুতের লাইন চালু হলে ছাদের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান মো. ইব্রাহিম (২২), পেশায় ছিলেন একজন মুয়াজ্জিন।
 
আজ শুক্তবার (০৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকার আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শোলই গ্রামের শুকুর সর্দারের ছেলে। তিনি নান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তাবলিগ জামাতের সদস্য হিসেবে কয়েক দিন ধরে স্টেডিয়াম গেট এলাকার ওই মাদ্রাসা ও এতিমখানা মসজিদে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় গরম থেকে কিছুটা স্বস্তি পেতে ইব্রাহিম মসজিদের ছাদে ওঠেন। এ সময় ছাদের পাশ ঘেঁষে থাকা বিদ্যুতের মূল লাইনে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর সঙ্গে থাকা তাবলিগ জামাতের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।