সারাদেশ
চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার সফলভাবে অপসারণ
চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বড় টিউমার সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকেরা।
গতকাল শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি অপসারণ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, টামটা উত্তর ইউনিয়নের ওই নারী প্রায় তিন মাস ধরে পেট ফোলা ও ব্যথায় ভুগছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর পেটে বড় আকারের একটি টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হলে শুক্রবার অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়।
অস্ত্রোপচারে নেতৃত্ব দেন সার্জন ডা. মো. আরিফ উল হাসান। তাঁকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেসথেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা।
চিকিৎসকরা জানান, প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে সফলভাবে টিউমারটি অপসারণ করা হয়েছে। অস্ত্রোপচারের পর রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া ডা. মো. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর টিউমারটি শনাক্ত হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সফলভাবে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল। তিনি জানান, বিভিন্ন কারণে ওই নারীর পেটে এর আগে চারবার অস্ত্রোপচার হয়েছিল। এবারের অস্ত্রোপচারটি ছিল তাঁর পঞ্চম অস্ত্রোপচার। তবে ওই নারী গণমাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
এটি বড় আকারের টিউমার অপসারণের ক্ষেত্রে ডা. আরিফ উল হাসানের সাম্প্রতিক ঘটনাগুলোর একটি। ২০২৪ সালের এপ্রিলে একই হাসপাতালে ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করা হয়েছিল। চলতি বছরের জুনে ২২ বছর বয়সী আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়।
এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করার ঘটনাতেও আলোচনায় এসেছিলেন ডা. আরিফ উল হাসান।