সারাদেশ
রাঙামাটিতে পিকআপ উলটে নারীসহ নিহত ৪
রাঙামাটিতে পিকআপ উলটে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার (১৬ আগস্ট) সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মানিকছড়ি আর্মিক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শোভা চাকমা (৫২) ও শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহতরা হলেন পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরোনো একটি পিকআপে যাত্রী নিয়ে রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের উদ্দেশে যাচ্ছিলেন তারা। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কে উলটে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় চট্টগ্রামে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা রবিবার সাপ্তাহিক হাটের দিন কুতুকছড়ি বাজার থেকে কাঁচা সবজি ও তরকারি সংগ্রহের জন্য ওই গাড়িতে করে যাচ্ছিলেন।
পুলিশ নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, চালকসহ আহত দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চারজনের লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।