সারাদেশ

শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলকে শোকজ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম

শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলকে শোকজ
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ জন পরীক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

গতকাল রবিবার (১৬ আগস্ট) বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বোর্ডের নোটিশে বলা হয়েছে, শতভাগ জিপিএ-৫ অর্জনের পেছনে প্রতিষ্ঠানটি নিয়মবহির্ভূত কোনো কৌশল অবলম্বন করেছে কি না, তা নিয়ে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সার্বিক সত্যতা যাচাই করতে প্রতিষ্ঠানটির কাছে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে।

নোটিশ অনুযায়ী, প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থী, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থী, এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় ফরম পূরণকারী শিক্ষার্থীদের তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র সশরীরে উপস্থিত হয়ে সাত কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে।

সম্প্রতি ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পাওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এরপরই অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে উদ্যোগ নেয় শিক্ষা বোর্ড।

তবে শোকজ নোটিশের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে—এমন নয়। প্রতিষ্ঠানের ব্যাখ্যা ও নথিপত্র যাচাইয়ের পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড।