সারাদেশ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটক পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।
স্থানীয়রা জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর পাঁচজন জীবননগর শহরের দিকে আসছিলেন। এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে তারা পাঁচজনকে আটক করেন। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব এবং কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটকদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক কি না জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছেন এবং তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি খোঁজখবর নিচ্ছেন।