সারাদেশ
আল্লাহ খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি: ৮০ বছরের সাজুর আকুতি
দারিদ্র্যের কাছে হার মানেনি ৮০ বছরের সাজু শেখ ও তার স্ত্রী নূরজাহানের ভালোবাসা। প্রায় ৭০ বছর আগে বিয়ে হওয়া এই দম্পতি শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামে বসবাস করছেন। দীর্ঘ সংসারজীবনে তাদের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।
তিন মেয়ের অনেক আগেই বিয়ে হয়েছে। ছেলেদের মধ্যে একজন করোনার সময় নিখোঁজ হলেও মাঝে মাঝে খোঁজ নেন। আরেকজন ঢাকায় রিকশা চালান এবং বছরে দু-একবার বাড়িতে আসেন। শেরপুরে থাকা আরেক ছেলে নূর ইসলাম দিনমজুরি ও ঠেলাগাড়ি চালিয়ে কোনো রকমে নিজের সংসার চালানোর পাশাপাশি বৃদ্ধ মা-বাবার খোঁজ রাখেন।
তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নূর ইসলামের নিজের সংসারেই অভাব রয়েছে। কয়েক বছর আগে চিকিৎসার অভাবে তার স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ফলে মা-বাবার ভরণপোষণও ঠিকমতো করতে পারছেন না তিনি।
প্রায় পাঁচ বছর আগে পা পিছলে পড়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহানের। এরপর থেকে তিনি শয্যাশায়ী। অর্থের অভাবে তার চিকিৎসাও করাতে পারছেন না স্বামী সাজু শেখ।
৯ সেপ্টেম্বর ঘরের বাইরে দাঁড়িয়ে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে সাজু শেখ খাবারের জন্য আকুতি জানান। এ সময় তিনি বলেন, ‘আল্লাহ আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি।’
বৃদ্ধ দম্পতির এই অসহায়ত্ব দেখে স্থানীয় এক ব্যক্তি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। প্রকাশের পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে আলোচনায় আসে।