সারাদেশ

গোবিন্দগঞ্জে সাপমারা ইউপি চেয়ারম্যান প্রার্থী মনির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

গোবিন্দগঞ্জে সাপমারা ইউপি চেয়ারম্যান প্রার্থী মনির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক
ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন সাপমারা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন সরকার।

উঠান বৈঠকে তিনি এলাকাবাসীর সাথে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও ভোটারদের প্রত্যাশার কথা শোনেন। এ সময় এলাকার রাস্তাঘাট, সেতু-কালভার্ট, নাগরিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মনির হোসেন সরকার বলেন, সারাই ও পন্ডিতপুর গ্রাম কখনোই অভিন্ন নয়। যদি অভিন্ন হত, তাহলে আজকের এই প্রোগ্রামে এত রাতে এত মানুষের উপস্থিতি আমি পেতাম না। আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি ও আনন্দিত। আল্লাহ যদি আমাকে সম্মান প্রদান করে এবং দলীয়ভাবে আমাকে সমর্থন দেন। অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়ন করব। আমি আপনাদের সন্তান হিসেবে, প্রতিবেশী হিসেবে দোয়া ও সহযোগিতা চাই৷ সারাই পন্ডিতপুরের মানুষ অভিন্নভাবে যদি আমাকে সাড়া দেন, তাহলে আমি এই নির্বাচনের মাঠে থাকব৷ 

তিনি আরও বলেন, দলীয়ভাবে আমি মনোনয়ন ফরম উত্তোলন করেছি। কিন্তু আপনাদের সকলের মতামত ও পরামর্শ নিয়ে, আপনাদের নির্ধারণ করা সময়ে সকলকে সাথে নিয়ে আমি দলীয় মনোনয়ন জমা দিতে যাবো। আমি শতভাগ আশাবাদী, দলীয় মনোনয়ন আমি পাব। আপনাদের ভোটে নির্বাচিত হব - ইনশাআল্লাহ।

আইজার রহমান মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন আলহাজ্ব আজিজার রহমান বিএসসি, জাহিদুল ইসলাম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বাদশা, বাবলু মিয়া মন্ডল, ডা. রেজাউল করিম সরকার, নুরুল ইসলাম মন্ডল, সুজা মিয়া, মোহাম্মদ আলী বাদশা, আব্দুল হান্নান মন্ডল, আব্দুর রাজ্জাক, লিটন প্রমুখ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।