সারাদেশ
মোংলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি মোংলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর মার্কেট চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা নাসির তালুকদার, গোলাম নুর জনি, মো. আলাউদ্দিন, কাজী ফারুক, আ. কাদের, আ. সালাম ব্যাপারী, মো. ইলিয়াস হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ফকির ও শেখ শহীদুল ইসলাম বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্নভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছেন। তারা প্রশাসনের নজরদারিতে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, দেশে কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে বক্তারা আরও জানান, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে প্রতি সপ্তাহে এ ধরনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রাখা হবে। এ সময় দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।