সারাদেশ

বেকুটিয়া সেতুর নিচে সরকারি পাইপ চুরি, ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম

বেকুটিয়া সেতুর নিচে সরকারি পাইপ চুরি, ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীতে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, যা বেকুটিয়া সেতু নামে পরিচিত, এর নিচ থেকে সরকারি লোহার পাইপ চুরির সময় শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত বেপারিসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বেকুটিয়া সেতুর নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে একটি চক্র সেতুর নিচে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে সরকারি লোহার পাইপ কাটছিল। পরে চুরি করা পাইপগুলো এক জায়গায় জড়ো করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় পিরোজপুর সদর থানা-পুলিশ। অভিযানকালে ঘটনাস্থল থেকে নয়জনকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সেতুর নিরাপত্তা ব্যবস্থার আওতাধীন সরকারি লোহার পাইপ কেটে তা চুরি করার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থল থেকে পাইপ কাটার বিভিন্ন সরঞ্জামসহ চুরির কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত বেপারির চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হেমায়েত বেপারির আটকের বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, ঘটনাটি তদন্ত করে তার সম্পৃক্ততা পাওয়া গেলে দলীয়ভাবে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, সরকারি সম্পদ চুরির এ ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।