সারাদেশ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ পিএম

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ভাস্কর্যটির গলায় জুতার মালা ঝোলানো অবস্থায় দেখা যায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, ঝিনাইদহের কৃতী সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শুধু ঝিনাইদহ নয়, পুরো দেশের গর্ব। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে তিনি বীরত্বের ইতিহাস রচনা করেছেন। এর আগে তার নামে নির্মিত ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে। এবার ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনাও অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে ভাস্কর্যে জুতার মালা ঝোলানো দেখতে পান। পরে সেটি অপসারণ করা হয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান বলেন, বারবার ভাস্কর্যটির ওপর হামলার ঘটনা ঘটছে। তার দাবি, কোনো একটি গোষ্ঠী পূর্বপরিকল্পিতভাবে ভাস্কর্যে হামলা, ভাঙচুর এবং সর্বশেষ জুতার মালা পরানোর ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে জরুরি আলোচনা সভা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুলাই ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে নির্মিত ভাস্কর্য ভাঙার কাজ শুরু হয়। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ঝিনাইদহ পৌরসভা ভাস্কর্যটি অপসারণের কাজ শুরু করেছিল। তখন ভাস্কর্য নির্মাণসংক্রান্ত প্রকল্পের মূল নথি খুঁজে না পাওয়ার বিষয়টিও সামনে আসে।