জাতীয়

কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না: খাদ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম

কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না: খাদ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাজারে কোনো সরকারই সিন্ডিকেটের উপস্থিতি চায় না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ে। তাই ভবিষ্যতে ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন আর ব্যবহার করতে না হয়, সেটিই সরকারের প্রত্যাশা।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। বাজার পরিস্থিতি, খাদ্যশস্যের মজুত ও সরবরাহব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি। ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত মোকাবিলা ও সমাধানে প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।

পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্প কবে চালু হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময় জানাতে পারেননি খাদ্যমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে তিনি নারায়ণগঞ্জের সাইলোতে যান। সেখানে সাইলো ও এর ভেতরে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিলের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় খাদ্যশস্য সংরক্ষণ ও মজুতের সক্ষমতা, মিলের কার্যক্রম এবং সার্বিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আফরোজা খানম। তিনি বিভিন্ন স্থাপনার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।