জাতীয়

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি খাত থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয় করা হবে।

অনুমোদন পাওয়া ১৩টি প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।

বুধবার ৭ অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সভায় একক মন্ত্রণালয় হিসেবে সবচেয়ে বেশি প্রকল্প অনুমোদন পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের অধীনে মোট ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৫টি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও নালা ব্যবস্থার উন্নয়ন। এছাড়া রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্প রয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর অঞ্চলের সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণের প্রকল্পও অনুমোদন পেয়েছে। পাশাপাশি সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় ও দ্বিতীয় সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে।

পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন পেয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণের তৃতীয় সংশোধিত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল বৈদ্যুতিক ইঞ্জিন সংগ্রহের অনুমোদন দিয়েছে একনেক। এছাড়া পঞ্চগড়ের একটি গুরুত্বপূর্ণ সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

পাহাড়ি এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে থানচি, রিমাকরি, মদক ও লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে সভায়। রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে।

এদিকে ফ্রান্সের প্যারিসে কেনা চ্যান্সারি ভবন ব্যবহারের উপযোগী করা, সংস্কার ও আধুনিকায়নের জন্যও একটি পৃথক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিকল্পনা মন্ত্রী ইতোমধ্যে অনুমোদন করা ৫০ কোটি টাকার কম ব্যয়ের জয়পুরহাট জেলার নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল ও খাড়োয়া খাল পুনঃখনন প্রকল্প সম্পর্কেও একনেককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।