সারাবিশ্ব

বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে গাছে বেঁধে নির্যাতন, পবিত্রকরণের নামে গণধর্ষণ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে গাছে বেঁধে নির্যাতন, পবিত্রকরণের নামে গণধর্ষণ
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে এক নারীকে শিকল দিয়ে বেঁধে আটকে রাখা, গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন এবং পরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। কথিত ‘পবিত্রকরণ আচার’র নামে তার ওপর এই নির্যাতন চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি গুজরাটের সুরেন্দ্রনগর জেলায়। স্বামী ও আত্মীয়দের ছেড়ে ওই নারী অন্য এক ব্যক্তির সঙ্গে বসবাস করছিলেন। এ কারণেই তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, প্রথমে ওই নারীকে শিকল দিয়ে বেঁধে একটি ঘরে আটকে রাখা হয়। পরে সেখান থেকে পালানোর চেষ্টা করলে অভিযুক্তরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। এরপর একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

অভিযোগ রয়েছে, অন্য এক পুরুষের সঙ্গে বসবাস করার কারণে ওই নারীকে ‘পবিত্রকরণ’-এর নামে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার ওপর দলবদ্ধ ধর্ষণ চালানো হয়। ওই পুরুষকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পুরো নির্যাতনের ঘটনা ভিডিও ধারণ করা হয়। পরে অন্যদের ভয় দেখানো ও সতর্ক করার উদ্দেশ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।

সুরেন্দ্রনগরের পুলিশ সুপার প্রেমসুখ দেলু জানান, ভিডিওর সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়। তার জবানবন্দি রেকর্ড করার পাশাপাশি নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। অপরাধে প্ররোচনা ও সহায়তার অভিযোগে দুই নারীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং অভিযুক্তদের অতীতে কোনো অপরাধের ইতিহাস রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।