সারাদেশ
অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই ‘বুলেট শিবলু’ শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনায় আসা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলুকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিবলু আনোয়ারা উপজেলার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে হামলা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের একটি মামলাতেও তিনি আসামি।
পুলিশের তথ্য অনুযায়ী, শিবলু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন। এলাকায় রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় তিনি কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বছরের ৫ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ মডেল থানায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করেন ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ। ওই মামলায় শিবলু ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। অন্য কোনো থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তারের সময় শিবলুর কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আরও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ থাকতে পারে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতে পাঠানো হবে।