রাজধানী

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে আবারও পালাল হত্যা মামলার আসামি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে আবারও পালাল হত্যা মামলার আসামি
ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়েছে হত্যা মামলার আসামি মো. শরিফুল ইসলাম। মঙ্গলবার ৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের ৭ নম্বর আদালতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শরিফুল রাজধানীর খিলগাঁওয়ের ১৪ বছর বয়সী জিসান হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। একটি মামলায় হাজিরার জন্য মঙ্গলবার তাকে আদালতে আনা হয়েছিল। এ সময় তার হাতে হাতকড়া পরানো ছিল।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, আদালতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য কিছুটা অন্যমনস্ক থাকার সুযোগে শরিফুল হাতকড়া খুলে পালিয়ে যায়। বিচারক এজলাসে থাকা অবস্থাতেই এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলা ও তদন্ত করা হবে। তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে এক কনস্টেবল শরিফুলকে ৭ নম্বর আদালতে হাজির করেন। পরে তাকে কাঠগড়ার শিকের সঙ্গে হাতকড়া দিয়ে আটকে রাখা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, শরিফুল নেই। শুধু তার হাতকড়াটি কাঠগড়ার শিকের সঙ্গে ঝুলছে।

এর আগে ২০২৫ সালের ১৯ জুন আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশ সদস্যদের মারধর করে পালিয়েছিল শরিফুল। পরে একই বছরের ১ অক্টোবর ভোরে ফেনী রেলস্টেশন এলাকা থেকে তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে সে কারাগারে ছিল।

পলাতক শরিফুল দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের করা জিসান হত্যা মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।