সারাদেশ

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে গেল বিএসএফ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে গেল বিএসএফ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফের বিরুদ্ধে। গরু পাচারের সময় তাদের আটক করে গুলি করা হয় বলে জানা গেছে।

রোববার দিবাগত রাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা দুই ভারতীয় নাগরিককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রংপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা খবর পেয়ে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। আব্দুল আলীম ওই এলাকার আব্দুল মজিদ মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, পুলিশি পাহারায় দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের বরাতে তিনি জানান, দইখাওয়া চর সীমান্ত এলাকায় গরু পাচারের সময় বিএসএফ সদস্যরা তাদের গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে পড়ে গেলে বিএসএফ সদস্যরা তাদের মৃত ভেবে চলে যান বলে অভিযোগ করেছেন আহতরা। পরে স্থানীয়দের সহায়তায় তাদের গোপনে রংপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে পুলিশের গোয়েন্দা বিভাগ বিষয়টি জানতে পেরে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় বিশেষ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই ব্যক্তির শরীরেই গুলির আঘাত রয়েছে। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।

তবে সীমান্তে গুলির ঘটনা সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা তাদের জানা নেই। তবে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।