সারাদেশ

রাজশাহীতে এনসিপি নেত্রী শামীমা সুলতানার পদত্যাগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

রাজশাহীতে এনসিপি নেত্রী শামীমা সুলতানার পদত্যাগ
শামীমা সুলতানা মায়া। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া দলের পদ থেকে পদত্যাগ করেছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার ব্যক্তিগত নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে এমন দাবি করে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মায়া বলেন, “আমি সবসময় নীতি, সততা ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, তা আমার ব্যক্তিগত মর্যাদা ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এ অবস্থায় দায়িত্বে থাকা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি বিশ্বাসযোগ্যতা। সেই বিশ্বাস যখন প্রশ্নবিদ্ধ হওয়ার পথে, তখন নিজ থেকেই সরে দাঁড়ানো শ্রেয় মনে করেছি।”

তবে মায়া স্পষ্ট করেন, তার পদত্যাগের সিদ্ধান্ত কারো বিরুদ্ধে অভিযোগ বা প্রতিশোধমূলক নয়। বরং বিবেকের তাগিদেই তিনি সরে দাঁড়াচ্ছেন বলে জানান। পাশাপাশি তিনি সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

পদত্যাগের পেছনে নির্দিষ্ট কারণ প্রসঙ্গে মায়া জানান, “গত ৪ আগস্ট আমি এনসিপির কেন্দ্রীয় সংসদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি। এই নিরবতা আমার আত্মমর্যাদা ও সামাজিক অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, “মায়াসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই করে আমরা কিছু সত্যতাও পেয়েছি। তাই কেন্দ্রকে বিষয়টি অবগত করার সিদ্ধান্ত নিয়েছি। হয়তো সে আগেই পদত্যাগ করে বিষয়টি এড়াতে চেয়েছে।”