সারাদেশ

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর
ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিবপুর এলাকায় চারঘাট–লালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের সবাই বন্ধু। তারা হলেন- উপজেলার চামতা গ্রামের মোহাম্মদ আলী তুহিন (২৫), মারুফ ইসলাম জয় (১৮) ও শিবপুর এলাকার মো. শিমুল (২৫)।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে বানেশ্বর এলাকা থেকে চারঘাটের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে পৌঁছে তারা একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে যান। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।”