সারাদেশ

নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে আনারুল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এসময় নিহতের পরনে ছিল পুরনো লুঙ্গি এবং গায়ে জ্যাকেট।

নিহত আনারুল রংপুর জেলার কাউনিয়া থানার সাদা মসজিদ এলাকার সিরাজুলের ছেলে।

স্থানীয়রা এবং পুলিশ জানায়, লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে কয়েকজন স্থানীয় দোকানী ব্রিজের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে জানা যায়, এ ব্যক্তিকে কয়েকদিন আগে পর্যন্ত কেউ এলাকায় দেখেনি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা যেতে পারেন।