সারাদেশ
নওগাঁ থেকে ১৫০ বাসে ঢাকায় যাচ্ছে প্রায় ২০ হাজার বিএনপি নেতাকর্মী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে অংশ নিতে নওগাঁ জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢাকায় যাতায়াত নিশ্চিত করতে ১৫০টি বাস ভাড়া করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিতব্য কর্মসূচিতে অংশ নিতে এসব নেতাকর্মী ঢাকায় যাবেন। পরিস্থিতি অনুযায়ী অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জেলা নেতারা।
নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম ঢাকাপ্রকাশকে জানান, জেলা বিএনপির পরিকল্পনা অনুযায়ী, নওগাঁ সদর উপজেলা থেকে ২৫টি বাস সরাসরি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া জেলার ১০ উপজেলা ও ৩টি পৌরসভা থেকে আরও ১২৫টি বাস ঢাকায় যাবে।
তিনি আরোও জানান, জেলা বিএনপির তথ্য অনুযায়ী ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলার বাসগুলো প্রস্তুত রাখা হবে। অন্যদিকে উপজেলা পর্যায়ের বাসগুলো নিজ নিজ ইউনিয়ন ও পৌরসভা থেকে সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। পাশাপাশি মাইক্রোবাস ও ট্রেনে করেও অনেক নেতাকর্মী আগেভাগে ঢাকায় অবস্থান নিচ্ছেন।
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন বলেন, দেশনায়ক তারেক রহমানকে বরণ করে নিতে নওগাঁ জেলা বিএনপি অনেক আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করছে। এর অংশ হিসেবেই নেতাকর্মীদের যাতায়াত নিশ্চিত করতে ১৫০টি বাস ভাড়া করা হয়েছে। প্রতিটি বাসে ৬০ থেকে ৬৫ জন করে যাত্রা করবেন।
তিনি আরও বলেন, নওগাঁর মানুষ তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। একই সঙ্গে সব নেতাকর্মীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে তার নাম-ঠিকানা লিপিবদ্ধ করে নজরদারি রাখতে বলা হয়েছে।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।