সারাদেশ
চাপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বেরিয়ে আসা প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিক এক কর্মসূচির মাধ্যমে তারা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন।
উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নতুন সদস্যরা বিএনপিতে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন ভোলাহাট ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউনিয়ন পরিষদের সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা রেখে তারা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে যারা বিএনপিতে যুক্ত হচ্ছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করা হবে।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।