সারাদেশ

টেবিলের নিচে টাকা গুনে মানিব্যাগে রাখার ভিডিও ভাইরাল, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:০৬ পিএম

টেবিলের নিচে টাকা গুনে মানিব্যাগে রাখার ভিডিও ভাইরাল, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের একটি ‘ঘুষ গ্রহণের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৮ জুন) তাকে বাগমারা থানা থেকে সরিয়ে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এর আগে রোববার রাতে ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজ কার্যালয়ে বসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করেন কমলেশ দাস। পরে তিনি খামটি টেবিলের নিচে নিয়ে ভেতরের টাকা বের করেন, যার অধিকাংশই এক হাজার টাকার নোট। তিনি দ্রুত নোটগুলো গুনে নিজের মানিব্যাগে রেখে দেন। এ সময় অর্থদাতার দিকে তাকিয়ে হাসিমুখে কথা বলতে দেখা যায় তাকে। এরপর টেবিলের ওপর থাকা একটি লাল রঙের খাতার কিছু লেখা খামদাতাকে দেখান।

ভিডিওটি প্রথমে ‘কাজিম বাবু’ নামের এক সাংবাদিকের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়।

তবে ভিডিওতে যিনি টাকা দিয়েছেন, তাকে শনাক্ত করা যায়নি এবং তাদের কথোপকথনের শব্দও বন্ধ রাখা হয়েছে।

প্রায় তিন মাস আগে বাগমারায় পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগ দেন কমলেশ দাস। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কে, কখন ও কীভাবে ভিডিও করেছে বুঝতে পারছি না, অনেকে রেশন নেওয়ার টাকাও দিয়ে থাকে।’

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বিষয়টি নজরে আসার পরপরই ওই কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।