সারাদেশ

যমুনায় ভেসে যাওয়া স্কুলছাত্র দুই ভাইয়ের মরদেহ উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

যমুনায় ভেসে যাওয়া স্কুলছাত্র দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পদ্মা সেতুর কাছাকাছি বাওয়া এলাকা থেকে বিনয় রায়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে প্রভাত সরকারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছিল।

এ ঘটনায় নদীপাড়ে শত শত মানুষের ভিড় জমে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত বিনয় রায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে। অন্যদিকে প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে। তারা দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী এবং সম্পর্কে ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই শিক্ষার্থী আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামলে একপর্যায়ে তীব্র স্রোতে তলিয়ে যান তারা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিকেলে প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করা হয়। আলো স্বল্পতার কারণে সন্ধ্যার পর অভিযান স্থগিত করা হলেও স্থানীয়রা নৌকা নিয়ে খোঁজ অব্যাহত রাখেন।

অবশেষে বুধবার বিকেলে পদ্মা সেতুর কাছে বাওয়া এলাকায় বিনয় রায়ের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ-পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।