সারাদেশ

অনিবন্ধিত মোটরসাইকেল আটক, চাঁপাইনবাবগঞ্জে এসপি কার্যালয় ঘেরাও ছাত্রদল নেতাকর্মীদের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

অনিবন্ধিত মোটরসাইকেল আটক, চাঁপাইনবাবগঞ্জে এসপি কার্যালয় ঘেরাও ছাত্রদল নেতাকর্মীদের
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল আটককে কেন্দ্র করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের এসপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় একটি চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল থামানোর সংকেত দেন ট্রাফিক পুলিশের টিএসআই উজ্জ্বল কুমার। পরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা মোটরসাইকেলটির প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন।

পুলিশের দাবি, পরীক্ষা করে মোটরসাইকেলটির নিবন্ধন না থাকায় সেটি আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলেই আক্তারুজ্জামানের সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে যায়।

তবে মোটরসাইকেলটি নিবন্ধিত ছিল বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার। তিনি অভিযোগ করে বলেন, প্রথমে পুলিশ তার মোটরসাইকেলের চাবি এবং পরে মোবাইল ফোন নিয়ে নেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জানাতেই তারা এসপি কার্যালয়ের সামনে এসেছিলেন। তার দাবি, সেখানে তাদের বিক্ষোভ করার উদ্দেশ্য ছিল না।

এদিকে মোটরসাইকেল আটকের খবর ছড়িয়ে পড়ার পর রাতে অর্ধশতাধিক ছাত্রদল নেতাকর্মী এসপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন। পরে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য কার্যালয়ের ভেতরে থাকা পুলিশ সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, অবস্থান কর্মসূচির খবর সংগ্রহ করতে সেখানে যাওয়া গণমাধ্যমকর্মীদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেন কয়েকজন নেতাকর্মী। এমনকি ধারণ করা ভিডিও মুছে ফেলার জন্যও চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ ওঠে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, নিয়মিত ট্রাফিক অভিযানের অংশ হিসেবেই মোটরসাইকেলটি থামানো হয়েছিল। পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটির প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। চেকপোস্টে টিএসআই উজ্জ্বল কুমার মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে আক্তারুজ্জামানের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরে নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি আটক করা হয়।

তিনি আরও বলেন, মোটরসাইকেল আটকের প্রতিবাদে প্রায় ৫০ থেকে ৬০ জন ছাত্রদল নেতাকর্মী এসপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাদের মধ্যে কয়েকজন কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। পরে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম বলেন, পুরো ঘটনাটি মূলত ভুল-বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা অনাকাঙ্ক্ষিত এবং ভুল হয়েছে। গণমাধ্যমকর্মীরা যাতে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে তিনি উল্লেখ করেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে কিছু সময় উত্তেজনা তৈরি হলেও পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। মোটরসাইকেলটির নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পুলিশ ও ছাত্রদল নেতার বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে।