সারাদেশ

খুচরা টাকা না দেয়ায় পেট্রলবোমায় দোকান পুড়িয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

খুচরা টাকা না দেয়ায় পেট্রলবোমায় দোকান পুড়িয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

রাজশাহীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় আবদুল বারী নামে এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে তার দোকানে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খুচরা টাকা না দেওয়াকে কেন্দ্র করে শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল বারী বাকীর মোড় এলাকার বদরুল সরকারের ছেলে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকীর মোড় এলাকায় মাদক সেবন করতে আসে। একপর্যায়ে তারা আবদুল বারীর দোকানে গিয়ে টাকা খুচরা করে দিতে বলে। দোকানে খুচরা টাকা না থাকায় তিনি অপারগতা জানালে তাদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরে হাতাহাতিও হয়।

এর জের ধরে রাত পৌনে ২টার দিকে দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে ৫০ থেকে ৫৫ জনের একটি দল আবদুল বারীর দোকানে হামলা চালায়। প্রথমে তারা তার বাড়ির সামনে থাকা মুদিদোকানের শাটারের তালা ভেঙে ফেলে। পরে পেট্রলবোমা নিক্ষেপ করে দোকানে আগুন ধরিয়ে দেয়।

আগুন দেখে আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আবদুল বারীকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রবিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।