সারাদেশ

গাইবান্ধায় ছুরিকাঘাতের দুই মাস পর আহত শিবিরকর্মী সালাউদ্দিনের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম

গাইবান্ধায় ছুরিকাঘাতের দুই মাস পর আহত শিবিরকর্মী সালাউদ্দিনের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় ছুরিকাঘাতে গুরুতর আহত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌমাথা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ। একই ঘটনায় গুরুতর আহত হন সালাউদ্দিন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলে সবাই উপজেলা চত্বর থেকে চলে যান।

এর প্রায় ১০ মিনিট পর বোনারপাড়া-সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন চৌমাথা এলাকায় সাইফুল্লাহ ও সালাউদ্দিন অবস্থান করছিলেন। এ সময় একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল মিয়া, তার ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলামসহ যুবদলের কয়েকজন নেতা-কর্মী এ হামলায় জড়িত ছিলেন। হামলাকারীরা প্রথমে সালাউদ্দিনের গলায় আঘাত করে। সাইফুল্লাহ তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ফেলে গলায় ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে প্রায় দুই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার সকালে মারা যান সালাউদ্দিন।