সারাদেশ
স্ত্রীকে হত্যার পর বাড়ির উঠানে মাটিচাপা দিয়ে নিখোঁজের নাটক সাজান স্বামী
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রীকে হত্যার পর বাড়ির উঠানে মাটিচাপা দেওয়ার অভিযোগে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজের নাটক সাজিয়ে থানায় সাধারণ ডায়েরি করার চেষ্টাও করেন তিনি।
ঘটনার প্রায় ১৬ দিন পর সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রামে আলমগীরের বাড়ির উঠান খুঁড়ে তার স্ত্রী জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক কলহের জেরে আলমগীর হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে গভীর রাতে বসতবাড়ির উঠানে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন তিনি।
ঘটনার কয়েকদিন পর সন্দেহ এড়াতে পরিকল্পিতভাবে নতুন নাটক সাজান আলমগীর। তিনি রাজনগর থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার কথা জানিয়ে সাধারণ ডায়েরি করার চেষ্টা করেন। এমনকি পুলিশকে বিভ্রান্ত করতে দাবি করেন, তার স্ত্রী কাউকে না জানিয়ে বিদেশে চলে গেছেন।
তবে থানায় গিয়ে তার অসংলগ্ন বক্তব্য ও অস্বাভাবিক আচরণে সন্দেহ হয় পুলিশের। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠান খুঁড়ে মরদেহ উদ্ধার করে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া জানান, অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শিগগিরই থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।