সারাদেশ
সিলেটে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, বাড়িওয়ালা গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক নারী ভাড়াটিয়াকে আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা নুর উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর উদ্দিন (৫০) উপজেলার পৌর শহরের পাশের জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পৌর এলাকার একটি মহল্লায় কলোনি নির্মাণ করে ভাড়া দিয়ে থাকেন, যেখানে ভুক্তভোগী নারী বসবাস করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুলাই কাজের প্রলোভন দেখিয়ে ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে যান নুর উদ্দিন। এরপর ভয়ভীতি প্রদর্শন করে আট দিন তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। গত ১০ জুলাই কৌশলে সেখান থেকে পালিয়ে যান ভুক্তভোগী। পরে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা গ্রহণ করেন তিনি।
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে শুক্রবার বিশ্বনাথ থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় জানান, ভুক্তভোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি নুর উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।