সারাদেশ

১৪ মাস পর সিলেটে নতুন করে একজনের করোনাভাইরাস শনাক্ত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

১৪ মাস পর সিলেটে নতুন করে একজনের করোনাভাইরাস শনাক্ত
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি ৫৫ বছর বয়সী এবং তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান। তিনি জানান, হৃদরোগজনিত সমস্যার কারণে ওই ব্যক্তি আগে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে এনজিওগ্রামের পাশাপাশি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হলে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তাকে দ্রুত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, এর আগে গত বছরের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে নতুন কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি। সর্বশেষ এই শনাক্তের মাধ্যমে আবারও ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ল।

বিশ্বব্যাপী ২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া করোনাভাইরাসের সংক্রমণ ২০২০ সালে সিলেটেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই বছরের ৫ এপ্রিল সিলেটে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে, যেদিন আক্রান্ত হয়ে মারা যান চিকিৎসক ডা. মঈন উদ্দিন। এরপর ধীরে ধীরে পুরো অঞ্চলে সংক্রমণ বৃদ্ধি পায়।

২০২১ সালে ডেল্টা ধরন সিলেটে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। সে সময় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে গিয়ে জনজীবনে বড় প্রভাব পড়ে। তবে বছরের শেষদিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং সংক্রমণ কমতে থাকে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। চার জেলার মধ্যে সিলেট জেলাতেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ।