সারাদেশ
খাটের নিচে ‘হুসস হুসস’ শব্দ, বেরিয়ে এলো ১৬ ফুটের অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ির খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্সের মালিক প্রয়াত হারুন মিয়ার বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় খাটের নিচ থেকে হঠাৎ ‘হুসস হুসস’ শব্দ শুনতে পান। পরে মুঠোফোনের আলো জ্বালিয়ে খাটের নিচে বিশাল অজগরটি দেখতে পান তারা।
এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্থানীয় চিকিৎসক প্রলাদ বাবুকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদের খবর দেন।
গভীর রাত হলেও খবর পাওয়ার পর ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা খাটের নিচ থেকে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি। উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এদিকে সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় একের পর এক সাপ লোকালয়ে চলে আসায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বসতবাড়ি ও আশপাশের এলাকায় সাপের উপস্থিতি বাড়ায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সাপ দেখা গেলে সেটিকে না মেরে বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দিতে হবে। এতে প্রকৃতির জন্য উপকারী এসব বন্যপ্রাণীকে রক্ষা করা সম্ভব হবে।