সোশ্যাল মিডিয়া

হাদি হত্যা নিয়ে নতুন বিতর্ক, বড় ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ তুললেন ফারুক হাসান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৫৫ এএম

হাদি হত্যা নিয়ে নতুন বিতর্ক, বড় ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ তুললেন ফারুক হাসান
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই শরীফ ওমর হাদির সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।

বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারুক হাসান দাবি করেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছেন তার বড় ভাই শরীফ ওমর হাদি।

পোস্টে তিনি উল্লেখ করেন, ওসমান হাদির মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই ওমর হাদি লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি লাভজনক পদে যোগদান করেছেন। এ বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, যদি ওমর হাদি সত্যিই এই হত্যাকাণ্ডের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী মনে করেন, তাহলে কেন তিনি সেই সরকারের অধীনেই গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করলেন।

ফারুক হাসান আরও বলেন, ওমর হাদিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। তার দাবি, হাদি হত্যাকাণ্ড সম্পর্কে ওমর হাদি গুরুত্বপূর্ণ তথ্য জানেন এবং কোনো না কোনোভাবে এ ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে।

এর আগে মঙ্গলবার (২ জুন) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া দুটি পৃথক পোস্টে শরীফ ওমর হাদি দাবি করেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপি এবং জামায়াতের সংশ্লিষ্টতা থাকতে পারে।

ওই পোস্টে তিনি আরও অভিযোগ করেন, ঢাকা-৮ আসন থেকে ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয়েছিল। এ ঘটনায় জামায়াতের শীর্ষ পর্যায়ের একজন ব্যক্তিগত সহকারীর সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি হাদি হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তাও দেন।